রোববার (৩০ এপ্রিল) সরেজমিন দেখা গেছে, পুনরায় ক্লাস-পরীক্ষায় ফিরেছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা।
সরেজমিন দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা শুরু করেছে। ক্যাম্পাসের কিলো রোডসহ অভ্যন্তরের বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের আনাগোনায় মুখর ছিল। শহরের বিভিন্ন জায়গায় অবস্থানরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে আসছেন। কেউ কেউ আসছেন ব্যক্তিগত গাড়িতে।
কেউ ক্লাসে ঢুকছেন, অনেকে বন্ধুবান্ধবদের সঙ্গে টংয়ে বসে আড্ডা দিচ্ছেন। কেউ অপেক্ষা করছে ক্লাসের।
.png)
সবমিলিয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পাস খোলায় শিক্ষার্থীদের আগমনে বিশ্ববিদ্যালয় সরগরম হয়ে উঠেছে।
জানা যায়, গত ১০ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ১২ এপ্রিল থেকে দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এতে টানা ২১দিন বন্ধ ছিল ক্যাম্পাসটি।
দীর্ঘদিন ছুটি কাটিয়ে পুনরায় ক্যাম্পাসে ফিরে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হৃদয় হাসান বলেন, ক্যাম্পাস খোলায় সবার সঙ্গে দেখা হয়েছে। বন্ধুবান্ধবরা মিলে আড্ডা দিচ্ছি। শ্রেণিকক্ষে পাঠদান কর্মসূচি আগের মতো চালু হয়েছে। একইসঙ্গে সবাই মিলে ক্লাসগুলো উপভোগ করছি। এতে খুব ভালো লাগছে।
সিএসই বিভাগের শিক্ষার্থী ফারদিন কবির বলেন, পুরো বন্ধটাই বাড়িতে কাটিয়ে এসেছি। বাড়িতে থাকায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে খুব মিস করছিলাম। ক্যাম্পাস খোলায় আবারো সবার সঙ্গে দেখা হয়েছে। শিক্ষকরাও ক্লাস নিচ্ছেন। খুব ভালো লাগছে।