মানবিক-ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্যও রাবির ‘সি’ ইউনিট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘সি’ ইউনিট। তবে এই ইউনিটে মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদের জন্য রয়েছে মাত্র ৪৮টি আসন।
আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘সি’ ইউনিট সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো-
এক নজরে ‘সি’ ইউনিট: ‘সি’ ইউনিট মোট ৭টি অনুষদ নিয়ে। এই ৭টি অনুষদের অধীনে রয়েছে মোট ২৬টি বিভাগ। এর মধ্যে বিজ্ঞান অনুষদের অধীনে ৯টি বিভাগ, জীববিজ্ঞান অনুষদের ৬টি, কৃষি অনুষদের ২টি, প্রকৌশল অনুষদের ৫টি, ভূ-বিজ্ঞান অনুষদের ২টি, ফিশারিজ অনুষদ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১টি করে বিভাগ।
আসন: এই ইউনিটে গত শিক্ষাবর্ষে (২০২০-২১) আসন ছিলো ১ হাজার ৬১২টি। এবার তা কমিয়ে করা হয়েছে ১ হাজার ৫৯৪টি। যা গত বছরের চেয়ে ১৮টি কম।
আবেদন যোগ্যতা ও সময়: আবেদনের যোগ্যতা রাখা হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে (চতুর্থ বিষয়সহ) ৩.৫০ করে ৮.০০ থাকতে হবে। প্রাথমিক আবেদন শুরু হবে ২৫ মে, শেষ ৯ জুন। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। চূড়ান্ত আবেদন শুরু আগামী ১৫ জুন, চলবে ২৮ জুন পর্যন্ত। চূড়ান্ত আবেদন ফি এক হাজার একশত টাকা (সার্ভিস চার্জসহ)।
প্রশ্নের পদ্ধতি: বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় এবার মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর ৪০।
পরীক্ষা পদ্ধতি: ভর্তি পরীক্ষা দুটি শাখায় অনুষ্ঠিত হবে। ১. বিজ্ঞান শাখা ও ২. অ-বিজ্ঞান (মানবিক, ব্যবসায় শিক্ষা)
১. বিজ্ঞান শাখা: বিজ্ঞান শাখায় প্রশ্নপত্রে দুটি অংশ থাকবে (ক) আবশ্যিক এবং (খ) ঐচ্ছিক। আবশ্যিক অংশে প্রশ্ন থাকবে পদার্থ ২৫টি, রসায়ন ২৫টি এবং আই.সি.টি ৫টি। ঐচ্ছিক অংশে গণিত/জীববিজ্ঞান/জীববিদ্যা+গণিত মিলে ২৫/২৫/১৩+১২। সব মিলে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১.২৫।
শর্তাবলি: যে সব ভর্তিচ্ছু শিক্ষার্থী ‘ক’ সহ ‘খ’ শাখার জীববিদ্যা+গণিত বিষয়ে উত্তর দিবে তারা ‘সি’ ইউনিটের সব বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে।
যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী ‘ক’ সহ ‘খ’ শাখার গণিত বিষয়ে উত্তর দিবে তারা শুধুমাত্র ‘সি’-ইউনিটের গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, পপুলেশন সায়েন্স এণ্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ফলিত গণিত, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা, মনোবিজ্ঞান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে ।
যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী ‘ক’ সহ ‘খ’ শাখার জীববিদ্যা বিষয়ে উত্তর দিবে তারা শুধুমাত্র ‘সি’ ইউনিটের ফার্মেসি, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, চিকিৎসা মনোবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকাচারাল এক্সটেনশন, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে।
২. অ-বিজ্ঞান শাখা: এই শাখায় বাংলা ও ইংরেজি বিষয়ের উপর থাকবে ২৫টি করে প্রশ্ন এবং সাধারণ জ্ঞান/ভূগোল/মনোবিজ্ঞান বিষয়ের উপর ৩০ টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান ১.২৫।
শর্তাবলি: যারা অ-বিজ্ঞান শাখায় পরীক্ষা দিবে তারা শুধুমাত্র ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে।