‘উন্নয়ন করেছি, তবু সততার মূল্যায়ন দেননি আপনারা’
বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, নিজের নির্বাচনী এলাকায় তিনি ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। কোনো অসৎ কাজ করেছেন বলে মনে করেন না তিনি। তবে জনগণ তার সততার যথাযথ মূল্যায়ন করেনি বলে আক্ষেপ প্রকাশ করেছেন এই সংসদ সদস্য।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, ‘আমি জনগণের জন্য কাজ করেছি। আমার এলাকায় এমন কোনো কাজ নেই, যেখানে আমার উন্নয়নের ছোঁয়া নেই। আমি অসৎ কাজ করেছি বলে মনে হয় না।’
উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভালো এবং সততার মূল্যায়ন দিতে জানেন না। রাস্তা-ঘাট, সেতু, বিএফডিসি, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন খাতে উন্নয়ন করেছি। তারপরও আপনারা আমার সততার মূল্যায়ন দিতে পারেননি। দুঃখ তো থাকতেই পারে আমার। তারপরও আমি এলাকায় আসছি, আপনাদের খোঁজখবর নিচ্ছি।’
নিজের নির্বাচনী এলাকার উন্নয়নের প্রসঙ্গ তুলে চিফ হুইপ আরও বলেন, ‘আপনারা বলেন তো, আমার নির্বাচনী এলাকায় এমন কোনো উন্নয়ন খাত আছে, যেখানে আমার ছোঁয়া নেই? সব উন্নয়ন আমি করেছি। আমি কোনো অসৎ কাজ করেছি বলে মনে হয় না, কারও কোনো ক্ষতি করেছি কি না, সেটাও ভেবে দেখেছি। তারপরও আপনারা সততার মূল্যায়ন দিতে পারেননি।’
এদিকে, এলাকায় সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানান নুরুল ইসলাম মনি। উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে সন্ত্রাস ও কিশোর গ্যাং দমন করতে হবে। তা করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকায় থাকতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের সভাপতিত্বে সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।