আত্মহত্যার কারণ নির্ণয়ে রাবির সঙ্গে গবেষণা করবে পুলিশ
বাংলাদেশে আত্মহত্যার কারণ নির্ণয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গে গবেষণায় আগ্রহ প্রকাশ করেছে রাজশাহী বিভাগীয় পুলিশ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক জয়দেব ভদ্রের নেতৃত্বে বিভাগীয় পুলিশের এক প্রতিনিধিদল আলোচনা সভায় অংশ নেয়।
আলোচনা জয়দেব ভদ্র বলেন, রাজশাহী বিভাগে আত্মহত্যার হার গড় জাতীয় হারের চেয়ে প্রায় ৩% বেশি যা অত্যন্ত উদ্বেগজনক। পুলিশ আত্মহত্যাজনিত মামলাগুলো তদন্ত করে বলে আত্মহত্যার প্রকৃতি ও কারণ সম্পর্কে অবহিত থাকে। পারিপার্শ্বিক পরিবেশ-পরিস্থিতিসহ সামগ্রিকভাবে আত্মহত্যার কারণ নির্ণয়ে গভীর গবেষণা প্রয়োজন। সে লক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি উপযুক্ত প্রতিষ্ঠান। গবেষণা চলাকালীন পুলিশ প্রশাসন গবেষকদেরকে তথ্য-উপাত্তসহ অন্যান্য আনুসাঙ্গিক সহায়তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি রাজশাহী বিভাগীয় পুলিশের এধরনের গবেষণার উদ্যোগকে স্বাগত জানান। সেই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে এই গবেষণায় সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন। এ ধরনের গবেষণার সুপারিশ নীতিনির্ধারণে সহায়তা করবে বলে ভিসি মনে করেন। গবেষণার বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবিলম্বে উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও এ-সভায় আলোচনা হয়।
মতবিনিময়কালে প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. নূরে আলম সিদ্দিকী, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আনোয়ারুল হাসান সুফি, রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক টিএম মোজাহিদুল ইসলাম ও ক্রাইম ম্যানেজমেন্ট শাখার এসপি আব্দুস সালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।