ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

তুরস্কের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে বৈঠক করলেন বাণিজ্যমন্ত্রী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০, ২ নভেম্বর ২০২৬
তুরস্কের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে বৈঠক করলেন বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের চামড়া, নন-লেদার পণ্য, তৈরি পোশাক ও জাহাজ নির্মাণ খাতে তুরস্কের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তুরস্কের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে শুল্ক ও কাস্টমসসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ ইস্তাম্বুলের হিলটন হোটেলে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতগুলোতে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে তুর্কি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে চামড়া ও নন-লেদার পণ্য, তৈরি পোশাক এবং জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া তুরস্কের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও কাস্টমসসংক্রান্ত বাধার বিষয়টি তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এসব প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি অতিরিক্ত শুল্ক কমাতে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চান তিনি।

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী বাণিজ্যিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও বিদ্যমান বাধা নিরসনেও আলোচনা হয়।

এ সময় দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কমসেকের ৪২তম মিনিস্ট্রিয়াল মিটিংয়ে অংশ নিতে তুরস্ক সফর করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!