স্বর্ণের নতুন দাম কার্যকর, জানুন ভরিপ্রতি মূল্য
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। ফলে শনিবার (৩১ অক্টোবর) দেশের বাজারেও একই দামে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। এক দিনের ব্যবধানে এবার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটির নির্দেশনা অনুযায়ী, স্বর্ণালঙ্কারের নকশা ও ধরনভেদে মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলঙ্কারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো হয়েছে, ৬৬ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৪ বার স্বর্ণের দাম সমন্বয়ের তথ্য উল্লেখ করা হয়েছে।