আজ ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম যত টাকা
টানা দুই দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন দামে আজ রোববার (২৬ জুলাই) দেশের সব জুয়েলারি দোকানে স্বর্ণ বিক্রি হচ্ছে।
গত ২৪ জুলাই সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের তথ্য জানায় বাজুস। ওইদিন সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এর পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এ দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
এদিকে, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না বলেও জানিয়েছে বাজুস।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ দফা দাম বাড়ানো, ৪৮ দফা কমানো এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও ২৯ বার কমানো হয়েছিল।