বাজেট বাস্তবায়নে স্থানীয় সরকারকে যুক্ত করতে হবে: ড. দেবপ্রিয়
সরকারের উদ্দেশে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাজেট পিছিয়ে পড়া মানুষের চাহিদার প্রতি সংবেদনশীল হতে হবে। বাজেট বাস্তবায়নে স্থানীয় সরকারকে যুক্ত করতে হবে। আর স্বাধীন মিডিয়া বড় ভূমিকা পালন করতে পারে।
রোববার রাজধানীর হোটেল লেকশোরে সিপিডি আয়োজিত ‘জনসম্পৃক্ত সরকারি আর্থিক ব্যবস্থাপনা: নতুন সরকার, জাতীয় বাজেট ও জন মানুষের প্রত্যাশা’ শীর্ষক বাজেট প্রস্তাবনায় এ কথা বলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজেট প্রত্যাশা নিয়ে জরিপ করেছে সিপিডি। সেখানে আড়াই হাজারের ওপর অংশগ্রহণকারীর জরিপের তথ্য তুলে ধরেন এ অর্থনীতিবিদ।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জরিপের বেশিরভাগ মানুষ বলছেন, স্বচ্ছতার জন্য পেনশন ফান্ডকে আলাদা করতে হবে, সামাজিক সুরক্ষায় যোগ করা যাবে না।
তিনি বলেন, ৬৪ শতাংশ বলেছে তাদের কোনো বাজেট প্রত্যাশা নেই। এতে তিনটি বিষয় পরিষ্কার। তারা শোভন কর্মসংস্থান চায়, মানসম্মত শিক্ষা চায়, সম্প্রসারিত সামাজিক সুরক্ষা চায়।
এদিকে জিডিপিতে ঋণের বোঝা আরো বাড়ছে জানিয়ে তিনি বলেন, আমাদের যে সুনাম ছিল আমরা কখনো খেলাপি হই না, সে সুনাম আর থাকছে না। এরই মধ্যে আমরা ৫ বিলিয়ন ডলারের দেনা এখনো আমরা দিতে পারছি না। আমাদের গর্বের জায়গায় চিড় ধরেছে। জিডিপিতে সরকারি ঋণ ৩৭ শতাংশ, ব্যক্তিখাতের ঋণ ৫ শতাংশ- সব মিলিয়ে ৪২ শতাংশ ঋণের বোঝা আছে সরকারের।
জিডিপির লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন হবে জানিয়ে সিপিডির সম্মানীয় ফেলো বলেন, সরকার ত্রৈমাসিক জিডিপির তথ্য দিচ্ছে। তাতে যা দেখা যাচ্ছে, গড় প্রবৃদ্ধি ৪ শতাংশ, লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে বাকি সময়ে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি করতে হবে- যা প্রায় অসম্ভব।