দেশের প্রথম টিউলিপ বাগান
গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামে টিউলিপ ফুলের বাগান করেছেন এক দম্পতি। এটাই দেশের প্রথম টিউলিপ বাগান। যেখানে আছে এক হাজার ফুল।
দেলোয়ার-শেলি দম্পতির বাগানকে ঘিরে এখন স্থানীয়দের উপচেপড়া ভিড়।
ওই দম্পতি জানান, ২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে টিউলিপ ফুলের এক হাজার বাল্ব রোপণ করেন তারা। ২২ দিনের মধ্যে বাল্বগুলো চারায় পরিণত হয়।
.png)
দেলোয়ার হোসেন জানান, ১৫ বছর ধরে ফুলের চাষ করেন তারা। গ্লাডিওলাস, লিলিয়াম, জারবেরা ফুল দিয়ে বিদেশি ফুল চাষ শুরু করেন। প্রথমবারের মতো টিউলিপ চাষ করেই সফলতা পেয়েছেন তারা।

শেলি জানান, ২০১৭ সালে নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠানে ফুল চাষের প্রশিক্ষণ নিয়েছিলেন। সেখান থেকে লিলিয়ামের ৬০ হাজার বাল্ব ও চাষের সরঞ্জাম নিয়ে দেশে ফেরেন। এরপর ওই প্রতিষ্ঠান থেকে তাদের বিনামূল্যে এক হাজার টিউলিপের বাল্ব দেয়া হয়।
তিনি আরো জানান, প্রতিদিনই টিউলিপ বাগানে অনেক দর্শনার্থী আসেন। তারা ফুল কিনতে চান। কিন্তু একটি ফুলও বিক্রি করেননি শেলি-দেলোয়ার দম্পতি। নেদারল্যান্ড থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিকভাবে টিউলিপ চাষ করতে চান তারা।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিজি ডা. মো. আবদুল মুয়ীদ বলেন, দেশে এই প্রথম টিউলিপ ফুল ফুটতে দেখলাম। দেলোয়ার-শেলি দম্পতি প্রমাণ করে দেখিয়েছেন দেশে সফলভাবে এ ফুল চাষ সম্ভব। ভবিষ্যতে টিউলিপকে রফতনিযোগ্য পণ্য হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে।