ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
কুয়াকাটায় পরিত্যক্ত জিপে আগুন, নাশকতার অভিযোগ মালিকের
পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পরিত্যক্ত জিপে (চান্দেরগাড়ী) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। আগুনে জিপটি সম্পূর্ণ পুড়ে গেছে।
গাড়ির মালিক মো. ইমরানের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। তার ধারণা, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং নাশকতার ঘটনা।
ইমরান জানান, জিপটি দিয়ে কুয়াকাটায় আসা পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থানে যাতায়াতের সেবা দেওয়া হতো। তবে দীর্ঘদিন ধরে গাড়িটি ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। বৃহস্পতিবার গভীর রাতে গাড়িতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিপটি রক্ষা করা সম্ভব হয়নি।
গাড়ির মালিকের দাবি, এটি দুর্ঘটনাবশত আগুন লাগার ঘটনা হলে দীর্ঘদিনে যেকোনো সময় এমন ঘটনা ঘটতে পারত। তার ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে।
এদিকে পর্যটন এলাকায় গভীর রাতে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ফেসবুক লাইভে এসে নাশকতাকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দায়ী করলেও এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দুর্বৃত্তরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।