ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ২৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক
শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক। ছবি: ডেইলি বাংলাদেশ।

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অর্থের বিনিময়ে তাদের ভারতে প্রবেশে সহযোগিতার অভিযোগে স্থানীয় তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে আটক করা হয়।

আটক কিশোরেরা হলো নোয়াখালীর হাতিয়া উপজেলার অপু চন্দ্র দাস (১৭) ও চন্দন জল দাস (১৩)। বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে বসবাসরত তাদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল বলে জানায়।

এ ঘটনায় অর্থের বিনিময়ে তাদের সীমান্ত পার হতে সহযোগিতার অভিযোগ উঠেছে স্থানীয় তিনজনের বিরুদ্ধে। তারা হলো শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মো. মামুন (২২), মো. কালু মিয়া (৩৫) ও চান্দাপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া (২৫)।

ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক দুই কিশোরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, অবৈধভাবে ভারতে প্রবেশে সহযোগিতার অভিযোগে ওই তিনজনকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!