ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

২৯ বছর পর নতুন ভবন পাচ্ছে চরম্বা উচ্চ বিদ্যালয়

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ১৭ নভেম্বর ২০২৬
২৯ বছর পর নতুন ভবন পাচ্ছে চরম্বা উচ্চ বিদ্যালয়
লোহাগাড়ার চরম্বা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের জন্য মাটি পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে বিদালয়ের সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম লিটন। ছবি: ডেইলি বাংলাদেশ

দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট কাটতে যাচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা উচ্চ বিদ্যালয়ে। ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনের পরিবর্তে নতুন ভবন নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষার কাজ চলছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিদ্যালয়সংলগ্ন স্থানে মাটি পরীক্ষার মধ্য দিয়ে নতুন ভবন নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।

এ কার্যক্রম পরিদর্শন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম লিটন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবন কুমার দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে অ্যাডভোকেট শফিকুল আলম লিটন বলেন, ১৯৯৭ সালে নির্মিত বিদ্যালয়ের একটি ভবন বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনটির ছাদের পলেস্তারা খসে পড়ছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি ওই ভবনে দাপ্তরিক কাজ পরিচালনা ও শ্রেণিকক্ষে পাঠদানও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে নতুন ভবন নির্মাণের বিকল্প নেই। দ্রুততম সময়ে নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নতুন ভবন নির্মিত হলে বিদ্যালয়ের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট অনেকটাই দূর হবে। শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমেও নতুন গতি আসবে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবন কুমার দত্ত বলেন, পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদান কার্যক্রমে নানা সমস্যা হচ্ছে। নতুন ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা নিরাপদ ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। দ্রুত নির্মাণকাজ সম্পন্ন হবে বলে তারা আশা করছেন।

চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম বলেন, নতুন ভবন নির্মাণের আগে মাটির গুণগত মান ও ধারণক্ষমতা যাচাই করা হচ্ছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় কারিগরি নকশা ও নির্দেশনা অনুসরণ করে নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।

নতুন ভবন নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তাদের প্রত্যাশা, মাটি পরীক্ষার কাজ শেষ হওয়ার পর দ্রুত নির্মাণকাজ শুরু হবে। এতে ঝুঁকিপূর্ণ ভবনের পরিবর্তে শিক্ষার্থীরা পাবে নিরাপদ শ্রেণিকক্ষ।

ডেইলি-বাংলাদেশ/লোহাগাড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!