সমস্যাজর্জর ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স
চিকিৎসক ও জনবল সংকট, জেনারেটর না থাকা, সিজারিয়ান কার্যক্রম বন্ধ, ইসিজি টেকনিশিয়ানের অভাব, ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইন সংকট এমন নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর সঙ্গে রয়েছে চিকিৎসা সরঞ্জাম অকেজো থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের খাবার সরবরাহ এবং হাসপাতাল চত্বরে দালালদের দৌরাত্ম্য। সব মিলিয়ে প্রায় চার লাখ মানুষের একমাত্র ভরসাস্থল ৫০ শয্যার এই হাসপাতালটি নিজেই যেন নানা সংকটে ধুঁকছে।
চলতি মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায়ও হাসপাতালের এসব সংকট ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪১টি চিকিৎসকের পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ২১ জন। এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের ৯টি পদই শূন্য। ২৯টি নার্সের পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২৮ জন। এ ছাড়া অন্যান্য ১০০টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৬ জন। সব মিলিয়ে হাসপাতালের মোট ১৭০টি পদের মধ্যে শূন্য রয়েছে ৫৫টি।
সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যমতে, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশনসহ প্রসূতি ও শিশুদের বিশেষায়িত সেবা কার্যক্রম। প্রায় ১০ বছর ধরে হাসপাতালে নেই কোনো ইসিজি টেকনিশিয়ান। বায়োকেমিক্যাল অ্যানালাইজার ও আল্ট্রাসাউন্ড মেশিনও অকেজো হয়ে পড়ে আছে। ডেন্টাল চেয়ার না থাকায় দেওয়া যাচ্ছে না দাঁতের চিকিৎসাসেবা। এর পাশাপাশি দেখা দিয়েছে ডেঙ্গু পরীক্ষার কিট ও আইভি স্যালাইনের সংকট।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ সরবরাহ প্রায়ই বিঘ্নিত হয়। অথচ বিকল্প হিসেবে জেনারেটর বা আইপিএসের কোনো ব্যবস্থা নেই। ফলে বিদ্যুৎ চলে গেলে চিকিৎসক ও নার্সদের মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট কিংবা টর্চের আলোয় রোগীদের জরুরি সেবা দিতে হয়।
তবে নানা সংকটের মধ্যেও হাসপাতালের নিজস্ব অক্সিজেন প্ল্যান্টটি ইতিবাচক ভূমিকা রাখছে। এ প্ল্যান্ট থেকে শুধু ঈশ্বরদী নয়, পাবনা জেলার বিভিন্ন হাসপাতালেও অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। এতে আগে রাজশাহী থেকে অক্সিজেন আনতে যে সময় ও অর্থ ব্যয় হতো, তা অনেকটাই সাশ্রয় হচ্ছে।
কর্তব্যরত চিকিৎসকদের ভাষ্য, প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে ৬০০ থেকে ৭০০ জন এবং জরুরি বিভাগে ২০০ থেকে ২৫০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। সীমিত জনবল নিয়ে বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। অতিরিক্ত ভিড়ের কারণে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। বিদ্যুৎ না থাকলে গরমে ফ্যান বন্ধ থাকায় রোগীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। অসুস্থ শিশুদের কান্না আর রোগীদের ভিড়ে হাসপাতালের পরিবেশ হয়ে ওঠে আরও অস্বস্তিকর। অতিরিক্ত চাপের কারণে কখনো কখনো রোগীদের স্বজনদের সঙ্গে চিকিৎসকদের কথাকাটাকাটির ঘটনাও ঘটে।
রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের নির্ধারিত শয্যার তুলনায় ভর্তি রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেককে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হয়। এর ওপর পর্যাপ্ত বেডশিট ও বালিশ না থাকায় বাড়তি ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে হাসপাতালের অধিকাংশ শৌচাগারও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
হাসপাতালে ভর্তি রোগীদের খাবার সরবরাহ নিয়েও রয়েছে অসন্তোষ। হাসপাতালের দেয়ালে টাঙানো সরকারি খাদ্যতালিকায় উন্নতমানের পাউরুটি, ডিম, কলা, রুই মাছ, দুধ, মিষ্টি ও খাসির মাংসসহ সুষম খাবারের উল্লেখ রয়েছে। তবে রোগীদের অভিযোগ, তালিকায় উল্লেখ থাকা খাবারের সঙ্গে বাস্তবে সরবরাহ করা খাবারের মিল পাওয়া যায় না। নিয়ম অনুযায়ী সপ্তাহে দুই বেলা খাসির মাংস দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় মাত্র এক বেলা, দুপুরে। রাতে দেওয়া হয় বয়লার মুরগি। সপ্তাহে দুই দিন রুই মাছ দেওয়ার নিয়ম থাকলেও পরিমাণে তা কম দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে খাবার সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আসিব বলেন, খাসির মাংসের সরকারি দর কেজিপ্রতি ৭৫০ টাকা নির্ধারণ করা আছে। কিন্তু বর্তমানে বাজারে এর দাম ১ হাজার ২০০ টাকা। ফলে নির্ধারিত বরাদ্দে খরচ সামলাতে না পেরে এক বেলা বয়লার মুরগি দিতে হচ্ছে।
তবে হাসপাতালের সবচেয়ে উদ্বেগজনক সমস্যাগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে চত্বরে বেসরকারি ক্লিনিক ও ফার্মেসির দালালদের দৌরাত্ম্য। অভিযোগ রয়েছে, কখনো কখনো হাসপাতালে সরকারি ওষুধ ও পরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের বাইরের ফার্মেসি থেকে ওষুধ কিনতে এবং নির্দিষ্ট বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করাতে পাঠানো হয়।
অন্যদিকে, সরকারি নিয়ম অনুযায়ী ২০০ টাকা ফিতে চালু থাকা বৈকালিক চিকিৎসাসেবাও কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। কয়েক মাস আগে একটি ভুল তথ্যসংবলিত বা বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে এ সেবা বন্ধ হয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে স্বল্প খরচে চিকিৎসা নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা।
হাসপাতালের এসব সমস্যা সমাধানে দফায় দফায় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো স্থায়ী সমাধান আসেনি।
সার্বিক বিষয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে তাঁরা সচেষ্ট রয়েছেন। হাসপাতাল চত্বরে ফার্মেসির সিন্ডিকেট, ওষুধের অতিরিক্ত দাম এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসক ও জনবল সংকটের কারণে সেবা দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে। প্রয়োজনীয় সরঞ্জাম ও সামগ্রী সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা চলছে। খুব অল্প সময়ের মধ্যেই হাসপাতালের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।