লোহাগড়া ক্লাবের উদ্যোগে বিনা খরচে ৪৫ জনের চোখের অপারেশন
মানবিক উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নড়াইলের ঐতিহ্যবাহী লোহাগড়া ক্লাব। ক্লাবের উদ্যোগে চোখে ছানি পড়া ৪৫ জন রোগীর অস্ত্রোপচার করা হয়েছে। এসব রোগীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করেছে সংগঠনটি।
ক্লাব সূত্রে জানা গেছে, সম্প্রতি লোহাগড়া ক্লাবের উদ্যোগে একটি চক্ষু সেবা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সেখানে চোখে ছানি পড়া জটিল রোগীদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত লায়ন্স আই অ্যান্ড জেনারেল হাসপাতালে ৪৫ জনের চোখের অস্ত্রোপচার করা হয়।
রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান লোহাগড়া ক্লাবের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান কচি। এ সময় তিনি লোহাগড়া থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি তাদের সাহস জোগানোর পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অ্যাডভোকেট কামরুজ্জামান কচি বলেন, সমাজে অনেক দুস্থ ও অসহায় মানুষ রয়েছেন, যারা অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না। মানবিক দায়িত্ববোধ থেকেই তাদের ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষের মুখে হাসি ফোটানোই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী আবেগাপ্লুত হয়ে বলেন, চোখে ঠিকমতো দেখতে পারতেন না তারা। অর্থের অভাবে চিকিৎসা করানোও সম্ভব হচ্ছিল না। কচি স্যার তাদের চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা করে দিয়েছেন। এ জন্য তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও মানুষের সেবা করার সামর্থ্য কামনা করেন।
লোহাগড়ার সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা ক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে মহৎ কাজ। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য লোহাগড়া ক্লাবের সদস্য ও সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান কচির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
তারা প্রত্যাশা করেন, সমাজের প্রতিটি এলাকায় এমন মানবিক উদ্যোগ ছড়িয়ে পড়বে এবং অসহায় মানুষের কল্যাণে আরও বেশি মানুষ এগিয়ে আসবেন।