ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ১৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন
মানববন্ধনে অংশ নেয় সংবাদকর্মীরা। ছবি ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক এম আর রুবেলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় ভৈরব বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ে এ কর্মসূচি পালিত হয়। ভৈরব প্রেসক্লাব ও ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহেলুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, সাংবাদিক নজরুল ইসলাম রিপন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সজীব আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক শামীম আহমেদ ও খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম মফিজ।

এ সময় উপস্থিত ছিলেন হামলার শিকার সাংবাদিক ও দৈনিক আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি এম আর রুবেলসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজের অন্যায়, অপরাধ, সংঘর্ষ, দখলবাজি ও চাঁদাবাজির খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে। এম আর রুবেলের ওপর হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

সাংবাদিক এম আর রুবেল বলেন, ঘটনার সময় সংবাদ সংগ্রহ করতে গেলে একদল লোক তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন জানিয়ে হামলাকারীদের বিচার দাবি করেন তিনি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় সাংবাদিক রুবেল এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ নভেম্বর) ভৈরবের কমলপুর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক এম আর রুবেল।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!