ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ১৫ নভেম্বর ২০২৬
গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের টেংরা-শ্রীপুর শাখা কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সীমানাপ্রাচীর টপকে কার্যালয়ের ভেতরে আগুনের কুণ্ডলী নিক্ষেপ করে তারা। তবে নৈশপ্রহরী ও ব্যাংক কর্মকর্তাদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার টেংরা এলাকায় অবস্থিত শাখাটিতে দীর্ঘদিন ধরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। কার্যালয়ের ভেতরেই রয়েছে কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টার। শনিবার দিনের কাজ শেষে কার্যালয় তালাবদ্ধ করে কর্মকর্তারা কোয়ার্টারে চলে যান। রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন নৈশপ্রহরী।

নৈশপ্রহরী মো. ফরিদ জানান, রাতে তিনি কার্যালয়ের নিচতলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সীমানাপ্রাচীর টপকে আগুনের কুণ্ডলী তৈরি করে ভবনের গেটের ভেতরে নিক্ষেপ করে। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার চিৎকার শুনে আবাসিক কোয়ার্টারে থাকা কর্মকর্তারা নিচে নেমে আসেন। পরে সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন।

শাখা ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, ঘটনার পর রাতেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!