ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদকের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিকের ওপর হামলা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ১৫ নভেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিকের ওপর হামলা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় নিজাম তালুকদার নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে কয়েকজন মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের হঠাৎ বাজারে এ ঘটনা ঘটে।

আহত নিজাম তালুকদার জয়ঝাপ গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে। তিনি দৈনিক সরেজমিন বার্তার সালথা উপজেলা প্রতিনিধি, সালথা প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং অনলাইন পোর্টাল সমাজের বাণীর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হঠাৎ বাজার এলাকায় কয়েকজন মাদকসেবী প্রকাশ্যে মাদক সেবন করছিল। এ সময় তাদের মাদক সেবনে বাধা দেন সাংবাদিক নিজাম তালুকদার। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা তার ওপর হামলা চালায়। একজন সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, একজন সংবাদকর্মীর ওপর মাদকসেবীদের এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদকসেবীদের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে মাদকের বিরুদ্ধে কথা বলতেও সাংবাদিকদের হামলার শিকার হতে হচ্ছে। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য সরাসরি হুমকি।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সালথা প্রেসক্লাব কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/শালথা/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!