ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭, ১৪ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়ে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন। একপর্যায়ে কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

ওই শ্রমিকের মৃত্যুর গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, কিছু শ্রমিক গুজব ছড়িয়ে আন্দোলন করছেন। তবে বেতন বৃদ্ধি তাদের আন্দোলনের মূল দাবি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকরা সড়কে নেমেছেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!