ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৮, ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর নতুন করে উত্তীর্ণ হওয়া বা ভালো ফল করা শিক্ষার্থীরা যেন ভর্তির আবেদনের সুযোগ পান, সে লক্ষ্যেই এ অনুরোধ জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি। পাসের হার মাত্র ৫২ শতাংশ। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় উপাচার্যদের সঙ্গে বৈঠক করে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি আরও জানান, গত ৭ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৩ নভেম্বর এর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, তার জানা মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আবেদনের জন্য মাত্র দুই দিন সময় থাকবে।

তিনি বলেন, পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থী ভালো ফল করবেন, তারা যেন ভর্তির আবেদন থেকে বঞ্চিত না হন, সে জন্য উপাচার্যকে আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানাবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!