ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পূবাইলে এগারসিন্দুরের ইঞ্জিনে আগুন, আতঙ্কে যাত্রীরা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ১৩ নভেম্বর ২০২৬
পূবাইলে এগারসিন্দুরের ইঞ্জিনে আগুন, আতঙ্কে যাত্রীরা
ট্রেনে আগুন

চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে হঠাৎ বের হতে থাকে ঘন কালো ধোঁয়া। মুহূর্তেই দেখা দেয় আগুন। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে। চালক ট্রেন থামিয়ে দিলে প্রাণ বাঁচাতে অনেকে ছোটাছুটি শুরু করেন। পরে যাত্রী, ট্রেনের কর্মী ও স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে।

রেলসংশ্লিষ্ট সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ৭৫০ নম্বর আন্তনগর এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি পূবাইল স্টেশন পার হয়ে কিছুদূর যাওয়ার পর ইঞ্জিন থেকে অতিরিক্ত ধোঁয়া বের হতে শুরু করে। একপর্যায়ে ইঞ্জিনে আগুন দেখা দিলে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে যাত্রীরা আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। স্থানীয় লোকজনও তাঁদের সহযোগিতা করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি রেললাইনে আটকে পড়ায় পূর্বাঞ্চলীয় রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী ট্রেনগুলোর সময়সূচিতে এর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের দুর্ভোগের শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। আগুনের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রেল চলাচল স্বাভাবিক করতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে রেলওয়ের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!