জয়পুরহাটে আঙিনাজুড়ে শীতকালীন সবজি, হাসি কৃষকের মুখে
শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে জয়পুরহাটে বাড়ির আঙিনা ও পতিত জমিতে বিষমুক্ত শীতকালীন সবজি চাষে সাফল্য পাচ্ছেন কৃষক ও শৌখিন চাষিরা। বাড়ির আশপাশের অব্যবহৃত জায়গাকে কাজে লাগিয়ে নানা জাতের সবজি উৎপাদন করছেন তারা। এতে একদিকে পরিবারের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে উদ্বৃত্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করছেন অনেকে। স্বল্প পরিসরে এমন সবজি চাষে কৃষকদের মুখে ফুটেছে স্বস্তি ও আনন্দের হাসি।
খোঁজ নিয়ে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার জামালপুর, বানিয়াপাড়া, মাঝিপাড়া, পুরানাপৈলসহ পৌর শহরের শাপলানগর, বুলুপাড়া ও বিশ্বাসপাড়া এলাকায় বাড়ির সামনের ফাঁকা জায়গা, উঠান ও পতিত জমিতে ব্যাপকভাবে শীতকালীন সবজি চাষ করা হচ্ছে। এসব বাগানে বাঁধাকপি, ফুলকপি, হলুদ, বেগুন, বিটরুট, লালশাক, পালংশাক, টমেটো, গাজর, ধনিয়াপাতা, ডাঁটা, পেঁয়াজ, কলমিশাক, নাফাশাক, রসুন, মুলা, স্কোয়াশ, শিম, মটরশুঁটি ও লাউসহ বিভিন্ন ধরনের সবজি শোভা পাচ্ছে।
চাষিদের দাবি, ক্ষতিকর কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক ও নিরাপদ পদ্ধতিতে এসব সবজি উৎপাদন করছেন তারা। ফলে নিজেদের পরিবারের সদস্যদের জন্য মিলছে টাটকা ও নিরাপদ সবজি। পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত সবজি বিক্রি করে সংসারে যোগ হচ্ছে বাড়তি অর্থ।
পৌর শহরের সবুজ নগর এলাকার বাসিন্দা মোস্তাকিম হোসেন বলেন, নিজের হাতে সবজি চাষ করার মধ্যে আলাদা আনন্দ রয়েছে। বাড়ির সামনের জায়গাটি আগে অব্যবহৃত পড়ে থাকত। সেই জায়গা ফেলে না রেখে সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি। এতে পরিবারের চাহিদাও পূরণ হচ্ছে।
জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়ার কৃষক নয়ন হোসেন বলেন, বাড়ির সামনের আঙিনাটি দীর্ঘদিন পতিত অবস্থায় পড়ে ছিল। সেখানে সবজি চাষ শুরু করার পর বেশ ভালো ফলন পেয়েছি। এখন পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে বাড়তি আয় করতে পারছি।
মাঝিপাড়া এলাকার নাঈম হাসান বলেন, বাড়ির সামনের আঙিনায় বিভিন্ন জাতের শীতকালীন সবজি চাষ করছি। নিজেদের খাওয়ার জন্য যেমন টাটকা সবজি পাচ্ছি, তেমনি বাড়তি সবজি বাজারে বিক্রি করেও লাভবান হচ্ছি।
এ বিষয়ে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার বলেন, বাড়ির আঙিনায় সবজি চাষ মূলত শখের বিষয় হলেও এর অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব অনেক। বাড়ির আশপাশের পতিত জমি ও অব্যবহৃত জায়গাগুলো পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে সবজি চাষ করা গেলে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সংশ্লিষ্টদের মতে, বাড়ির আঙিনায় সবজি চাষের এ উদ্যোগ শুধু পারিবারিক পুষ্টির চাহিদা পূরণেই নয়, বরং নিরাপদ খাদ্য উৎপাদন, পতিত জমির সঠিক ব্যবহার এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।