ভাঙ্গুড়ায় অনলাইন জরিপে সেরা সাংবাদিক নির্বাচিত সিরাজুল ইসলাম আপন
ভাঙ্গুড়ায় অনলাইন জরিপে সেরা সাংবাদিক নির্বাচিত সিরাজুল ইসলাম আপন
পাবনার ভাঙ্গুড়ায় জনসাধারণের অংশগ্রহণে আয়োজিত অনলাইন জরিপে সর্বাধিক ভোট পেয়ে সেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন এনটিভি মাল্টিমিডিয়া ও দৈনিক প্রতিদিনের সংবাদের সাংবাদিক মো. সিরাজুল ইসলাম আপন। পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও) আয়োজিত এ জরিপে তিনি পেয়েছেন ৯১ ভোট। তার এ অর্জনে স্থানীয় সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আনন্দ ও অভিনন্দন জানানো হচ্ছে।
সংগঠনটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, জরিপে দ্বিতীয় হয়েছেন দৈনিক আমার দেশ-এর সাংবাদিক মো. মনিরুজ্জামান ফারুক। তিনি পেয়েছেন ৪২ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশ ও সময়ের কণ্ঠস্বরের সাংবাদিক শেখ সাখাওয়াত হোসেন। তিনি পেয়েছেন ১৪ ভোট।
গত ৩ নভেম্বর শুরু হওয়া এ অনলাইন জরিপে ভাঙ্গুড়া উপজেলার সাংবাদিকদের মধ্য থেকে সেরা সাংবাদিক নির্বাচনে সাধারণ মানুষের মতামত ও ভোট আহ্বান করে পিএসডিও। ১০ নভেম্বর ছিল ভোট দেওয়ার শেষ দিন। পরে সংগঠনটির পক্ষ থেকে ফলাফল প্রকাশ করা হয়।
সিরাজুল ইসলাম আপন ২০১৬ সালে দৈনিক পাবনার আলো ও সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ২০১৮ সাল থেকে তিনি জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ-এ কাজ করছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, অনিয়ম, দুর্নীতি, সামাজিক সমস্যা এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন তিনি। ২০২৫ সালের শুরু থেকে এনটিভি মাল্টিমিডিয়ায় পাবনা (চাটমোহর-ভাঙ্গুড়া) প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতা জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখিও হয়েছেন সিরাজুল ইসলাম আপন। তার প্রকাশিত বিভিন্ন সংবাদের জেরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পাশাপাশি হত্যার হুমকি ও সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তিনি। তবে এসব প্রতিকূলতার মধ্যেও পেশাগত দায়িত্ব থেকে সরে দাঁড়াননি। সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা চালিয়ে গেছেন।
স্থানীয় পর্যায়ে অনিয়ম, দুর্নীতি, জনদুর্ভোগ, প্রশাসনিক কর্মকাণ্ড ও সামাজিক অসংগতি তুলে ধরার পাশাপাশি অনুসন্ধানী সংবাদ প্রকাশেও সক্রিয় তিনি। তার প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে স্থানীয় সমস্যা ও সাধারণ মানুষের প্রত্যাশার বিষয়গুলো জাতীয় গণমাধ্যমে উঠে এসেছে।
অনলাইন জরিপে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় সিরাজুল ইসলাম আপন বলেন, সাংবাদিকতা তার কাছে শুধু একটি পেশা নয়, মানুষের কথা বলা এবং সমাজের অসংগতি তুলে ধরার দায়িত্বও। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। এ অর্জনের জন্য তিনি ভোট দেওয়া সবাই, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও) একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন। ২০১৯ সালের ৬ নভেম্বর প্রতিষ্ঠিত সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. রুহুল আমিন।
পিএসডিওর প্রতিষ্ঠাতা পরিচালক মো. রুহুল আমিন বলেন, সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই সংগঠনের পক্ষ থেকে এ অনলাইন জরিপের আয়োজন করা হয়েছে। সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও মানুষের সমস্যা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কাজের স্বীকৃতি ও উৎসাহ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জরিপে সিরাজুল ইসলাম আপন সর্বাধিক ভোট পাওয়ায় তাকে অভিনন্দন জানাই। পাশাপাশি অন্য দুই সাংবাদিককেও শুভেচ্ছা জানাচ্ছি। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ ও জনসম্পৃক্ততা বাড়াতে সহায়ক হবে বলে আশা করি।
ভাঙ্গুড়া দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুজ্জামান তরুণ বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ। একজন সাংবাদিকের মূল দায়িত্ব সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনমত তৈরি করা। সিরাজুল ইসলাম আপন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। সাধারণ মানুষের মতামতে এমন স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে আনন্দের। তবে এ অর্জন তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে যাবেন বলে প্রত্যাশা করি।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী বলেন, সাংবাদিকতার পথ অনেক চ্যালেঞ্জিং। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পেশাগত দায়িত্ব পালন করা একজন সংবাদকর্মীর জন্য গুরুত্বপূর্ণ। সিরাজুল ইসলাম আপন দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কাজ করছেন। সাধারণ মানুষের ভোটে এমন স্বীকৃতি পাওয়া তার জন্য আনন্দের বিষয়। এ অর্জন তাকে আরও উৎসাহিত করবে। তার সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।