প্রকৌশলীর উপহার নেওয়া নিয়ে টিআইবির নিন্দা
সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সংস্থাটি বলেছে, উপহারের মোড়কে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ জন্য প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, সরকারের অবস্থান স্পষ্ট করা এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে তারা।
বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি জানায়, গত ১০ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদার তার লভ্যাংশ থেকে খুশি হয়ে প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের মধ্যে পড়বে না। এমন উপহার গ্রহণ করা যেতে পারে।
প্রতিমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব। এ কাজের জন্যই তারা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার প্রয়োজন কেন?
তিনি বলেন, সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো যাদের দায়িত্ব, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া দায়িত্বহীনতা এবং আইনের লঙ্ঘন। এতে মাঠপর্যায়ে ঘুষ দাবির প্রবণতা বাড়তে পারে। প্রতিমন্ত্রীর বক্তব্য সরকারের অবস্থান কি না, সেটিও স্পষ্ট করার দাবি জানিয়েছে সংস্থাটি।
টিআইবি বলছে, দণ্ডবিধির ১৬১ ধারায় সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে বৈধ পারিশ্রমিকের বাইরে কোনো ধরনের সুবিধা বা বকশিশ গ্রহণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ধারায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। সংস্থাটি দণ্ডবিধির ১৬৫ ধারার কথাও উল্লেখ করে বলেছে, দাপ্তরিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা অপর্যাপ্ত প্রতিদানে মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রেও শাস্তির বিধান রয়েছে।
এছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫ অনুযায়ী, নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া দাপ্তরিক সম্পর্কের কারণে বাধ্যবাধকতা তৈরি করতে পারে—এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতির প্রয়োজন হয় বলে জানিয়েছে টিআইবি। অন্যদিকে, সরকারি ক্রয়সংক্রান্ত বিধিমালায় প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো সীমিত কিছু সামগ্রী দেওয়ার বিধান থাকলেও তা ব্যক্তিগত উপহার গ্রহণের সাধারণ অনুমতি নয় বলে সংস্থাটির মত।
টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, কোনো প্রকৌশলী যে ঠিকাদারের কাজ তদারক করেন, তার কাছ থেকেই ব্যক্তিগত সুবিধা নিলে নিরপেক্ষতা ও স্বার্থের সংঘাতের প্রশ্ন তৈরি হয়। এতে কাজের মান যাচাই, বিল অনুমোদন এবং ঠিকাদারদের মধ্যে সমান সুযোগ নিশ্চিত করার প্রক্রিয়া প্রভাবিত হতে পারে।
প্রতিমন্ত্রীর বক্তব্যের পেছনে একজন সিনিয়র সচিবের পরামর্শের উল্লেখ থাকায় সেটির সত্যতা যাচাইয়েরও দাবি জানিয়েছে টিআইবি। সংস্থাটি প্রতিমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।