নোংরা পরিবেশে পাউরুটি তৈরি, বাসি খাবার রাখায় জরিমানা
নেত্রকোণায় অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি তৈরি ও বাসি-পচা খাবার সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নেত্রকোণা সদর উপজেলার বিসিক শিল্প এলাকা ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানে জেলা মার্কেটিং অফিসার সহযোগিতা করেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
অভিযান সূত্রে জানা যায়, বিসিক শিল্প এলাকার এসএস ফুড প্রোডাক্টসের একটি বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য পাউরুটি তৈরি করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বাসস্ট্যান্ড এলাকার বিশাল হোটেলে অভিযান চালিয়ে বাসি ও পচা খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে হোটেলটিকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে হোটেল ও বেকারির পাশাপাশি গ্যাস সিলিন্ডার, সার, বীজ ও কীটনাশকের দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।
সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।