ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খড়মপুর মাজার কমিটিতে সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাংবাদিক কাজী হান্নান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ৭ নভেম্বর ২০২৬
খড়মপুর মাজার কমিটিতে সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাংবাদিক কাজী হান্নান
আখাউড়ায় সাংবাদিক থেকে মাজার কমিটির সদস্য হান্নান খাদেম। ছবি: ডেইলি বাংলাদেশ

সাংবাদিকতার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত কাজী হান্নান খাদেম এবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী খড়মপুর মাজার পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি তিনবার মাজার পরিচালনা কমিটির সদস্য এবং একবার এডহক কমিটির সদস্য হলেন। সর্বশেষ নির্বাচনে নিজ পাড়ার প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।

কাজী হান্নান খাদেম নিউ এজের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, দৈনিক যায়যায়দিনের আখাউড়া উপজেলা প্রতিনিধি এবং আখাউড়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। ঐতিহ্যবাহী খড়মপুর মাজারের বিভিন্ন কার্যক্রম ও পরিচালনায় কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন।

নির্বাচনে জয়ী হওয়ার প্রতিক্রিয়ায় কাজী হান্নান খাদেম বলেন, মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা সব সময়ই করেছেন। এবারের নির্বাচনে কাজীবাড়ি থেকে পাঁচজন প্রার্থী অংশ নিয়ে তিনজন জয়ী হয়েছেন। আল্লাহর অশেষ রহমতে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মানুষ ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনে শতভাগ চেষ্টা করবেন। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি সাংবাদিক সমাজ ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

দৈনিক খবরের কাগজ ও নাগরিক টিভির আখাউড়া প্রতিনিধি জুটন বণিক বলেন, সাংবাদিক হান্নান খাদেম একজন নিবেদিত সংবাদকর্মী। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা প্রশংসনীয়। নির্বাচনে জয়ী হয়ে তিনি সাংবাদিকদের সম্মান আরও এগিয়ে নিয়েছেন। সাংবাদিকদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান তিনি।

আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেন লিটন বলেন, তাদের একজন সহযোদ্ধা খড়মপুর মাজার পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তারা আনন্দিত। বিশেষ করে নিজ পাড়ার প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হওয়া গৌরবের বিষয়। প্রেস ক্লাব ও সাংবাদিকদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী খড়মপুর মাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। গ্রামের উত্তরপাড়া, মধ্যপাড়া, পূর্বপাড়া, কাজীবাড়ি, মোল্লাবাড়ি, খাবাড়ি ও নোয়াবাড়ি এই সাতটি পাড়া থেকে তিনজন করে মোট ২১ জন প্রার্থী নির্বাচিত হন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সকাল থেকেই ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিনের ঐতিহ্য ও ধর্মীয় আবেগের সঙ্গে জড়িয়ে থাকা মাজার পরিচালনা কমিটির নির্বাচন ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল বাড়তি আগ্রহ।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!