আখাউড়ায় জাতীয় যুব দিবস পালিত
দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ - এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি র্যালি বের করে। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক নেতা , যুব সংগঠক, যুবকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো: কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তরুণদের যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সহযোগিতাও প্রয়োজন।
অনুষ্ঠানে যুবসমাজকে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে উপকারভোগী যুবকদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়।