কেন্দুয়ায় যে কলেজ থেকে কেউ পাস করেনি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এইচএসসি পরীক্ষায় আটটি কলেজের মধ্যে একটিতে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অন্য একটি কলেজ থেকে এবার কোনো পরীক্ষার্থীই অংশ নেয়নি।
শনিবার (৩১ অক্টোবর) ফলাফল প্রকাশের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী এ তথ্য নিশ্চিত করেন।
শূন্য পাসের কলেজটি হলো উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর মডেল কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এবার মাত্র একজন শিক্ষার্থী একটি বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। গত বছরও ওই বিষয়ে অকৃতকার্য হয়েছিল সে। এবারও পাস করতে পারেনি। কলেজটি নন-এমপিওভুক্ত।
গোপালপুর মডেল কলেজের অধ্যক্ষ সুজিত কান্তি কর বলেন, শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী নয়। অনেকেই আবার গার্মেন্টসে কাজ করতে চলে গেছে। কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় খণ্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান চালাতে হয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে কলেজে তিনি নিজেসহ তিনজন শিক্ষক এবং দুজন কর্মচারী রয়েছেন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এ হার ৫১ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে, কেন্দুয়া উপজেলায় গড় পাসের হার ৪৯ দশমিক ৫৫ শতাংশ, যা নেত্রকোণা জেলার সামগ্রিক পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশের চেয়ে বেশি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী বলেন, গোপালপুর মডেল কলেজের পাসের হার শূন্য। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।