ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় এক রাতে কৃষকের চার গরু চুরি, ক্ষতি ৫ লাখ টাকা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ১০ অক্টোবর ২০২৬
কেন্দুয়ায় এক রাতে কৃষকের চার গরু চুরি, ক্ষতি ৫ লাখ টাকা
কেন্দুয়া থানা। ছবি: সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক রাতে এক কৃষকের চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর ধলিয়াকোণা গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. তারা মিয়া ওই গ্রামের মৃত আরশদ আলীর ছেলে।

তারা মিয়া জানান, শুক্রবার রাত ২টার দিকে চোরেরা তাঁর গোয়ালঘর থেকে গরু নিয়ে যায়। চুরি হওয়া গরুর মধ্যে একটি কালো বকনা, দুটি কালো ষাঁড় ও একটি লাল বাছুর ষাঁড় রয়েছে।

তিনি বলেন, রাত ২টার দিকে তাঁর চাচাতো ভাই আব্দুল কাদির প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির সামনে গেলে একটি গরু গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। পরে তিনি ডাকাডাকি করলে তারা মিয়া গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে চারটি গরু নেই। বাড়ির সামনে গিয়ে একটি গরু বাঁধা অবস্থায় পাওয়া গেলেও বাকি চারটির কোনো সন্ধান মেলেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান পাননি।

তারা মিয়া বলেন, ‘গরু চুরির ঘটনায় আমি নিঃস্ব হয়ে পড়েছি।’

স্থানীয়দের মধ্যে গরু চুরির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগীরা এ ধরনের ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘গরু চুরির ঘটনা বন্ধে আমরা বদ্ধপরিকর। মোবাইল ফোনে অভিযোগ পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। গরুচোরদের ধরতে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!