[ দেশজুড়ে ]
টুঙ্গিপাড়ায় চাকা পাংচার হয়ে আইল্যান্ডে বাস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাকা পাংচার হয়ে সড়কের পাশের আইল্যান্ডে উঠে যায় দোলা পরিবহনের একটি বাস। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের আইল্যান্ডে উঠে গেছে দোলা পরিবহনের একটি বাস। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটলেও বাসের কোনো যাত্রী হতাহত হননি।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে উপজেলার মল্লিকের মাঠ এলাকায় গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৪১২০। বাসটি যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। মল্লিকের মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের আইল্যান্ডের ওপর উঠে যায়।
হঠাৎ বাসটি আইল্যান্ডে উঠে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে বাসের কোনো যাত্রী আহত হননি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানা গেছে।
খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!