ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ৪ হাজার ২০০ জেলে পরিবারকে ভিজিএফের চাল বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ৬ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ৪ হাজার ২০০ জেলে পরিবারকে ভিজিএফের চাল বিতরণ
ঝালকাঠিতে নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। ছবি: ডেইলি বাংলাদেশ

মা ইলিশ রক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে ঝালকাঠিতে শুরু হয়েছে ভিজিএফের চাল বিতরণ।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার চার উপজেলায় মোট ৪ হাজার ২০০ জেলে পরিবারের মধ্যে ১০৫ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ করা হবে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ১ হাজার, নলছিটিতে ১ হাজার, রাজাপুরে ১ হাজার ২০০ এবং কাঁঠালিয়া উপজেলায় ১ হাজার জেলে পরিবার এ সহায়তা পাবেন।

প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে জেলার চার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

চাল বিতরণের সময় জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি মা ইলিশের নিরাপদ প্রজননে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার ২২ দিন নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা থেকে জেলেদের বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে এ সময়ে জেলার নদ-নদীগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!