ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার ও খাদলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম।
তিনি জানান, পৃথক অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, শাড়ি, গরু, ফুচকা, রেড বুল এনার্জি ড্রিংকস, গাঁজা ও মদ উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০০ টাকা।
বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধার করা পণ্যগুলো ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।