মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন।
উদ্ধার হওয়া তিনজন হলেন—হেলাল উদ্দিনের ছেলে সজীব হোসেন, মেয়ে সামিয়া আক্তার ও ছোট ছেলে সামিন হোসেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের সোনাময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন যাত্রী ট্রলারে করে বৈদ্যেরবাজার হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে মেঘনা নদীর সোনাময়ী এলাকায় মাঝপথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
এ সময় আটজনকে আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার উদ্ধার করে। এ সময় একই পরিবারের ৪ জন নিখোঁজ হন। পরে রায়েশা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতি ও শুক্রবার ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধান পাননি। পরে
.png)
শনিবার সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকায় আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় সজীব হোসেন, সামিয়া আক্তার ও সামিন হোসেনের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে।'