মাটিরাঙ্গায় মসজিদ ভবন ও সেতু নির্মাণকাজের উদ্বোধন
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নতুন পাড়া মসজিদ ভবন ও তপ্ত মাস্টারপাড়া সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্প দুটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম মোহাম্মদ হেলাল উদ্দিন, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজলসহ স্থানীয় নেতারা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্প দুটির মধ্যে নতুন পাড়া মসজিদ ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। মেসার্স মং কনস্ট্রাকশন এ ভবন নির্মাণের কাজ করছে।
.png)
অন্যদিকে, ৩ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৮৭০ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ১৪৮ দশমিক ৮৫ মিটার দীর্ঘ তপ্ত মাস্টারপাড়া সেতু। সেতুটির নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহজালাল কনস্ট্রাকশন।
স্থানীয়রা জানান, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে একদিকে মসজিদে ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য উন্নত পরিবেশ তৈরি হবে, অন্যদিকে সেতুটি নির্মাণের ফলে দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে।