খুলনায় হোটেলে স্ত্রীর হাতে স্বামীর মৃত্যু
খুলনায় কপোতাক্ষ হোটেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মনোমালিন্যের একপর্যায়ে সোহেল রানা বাবু (৩৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার কথিত স্ত্রী ফাতেমার (২৫) বিরুদ্ধে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে খুলনা থানাধীন খানজাহান আলী রোডের হোটেল কপোতাক্ষের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
.png)
পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর লবণচরা থানাধীন হরিণটানা অটোস্ট্যান্ড এলাকার লোকমানের ছেলে নিহত সোহেল রানা বাবু এবং তার মা মৃত ফিরোজা বেগম। ফাতেমা ও বাবু স্বামী-স্ত্রী পরিচয়ে গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে হোটেলটিতে ওঠেন।
হোটেল ম্যানেজার জানান, রাত আড়াইটার দিকে ফাতেমা হোটেলের স্টাফদের কাছে এসে মালিককে ফোন দিতে বলেন। একপর্যায়ে তিনি স্বামীকে মেরে ফেলেছেন বলে জানান। পরে হোটেলকর্মীরা কক্ষে গিয়ে মেঝেতে বাবুর মরদেহ পড়ে থাকতে দেখেন।
হোটেল কর্তৃপক্ষ রাত ৩টা ৯ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ফাতেমাকে থানায় নিয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা হোটেলের ওই কক্ষে প্রবেশ করেন বলে হোটেল কর্তৃপক্ষ জানায়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, কপোতাক্ষ হোটেল থেকে একটি মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে। নিহতের কথিত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি হত্যার কথা স্বীকার করেছেন।