কালিয়াকৈরে বনভূমি দখলের অভিযোগ, মানববন্ধন-বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরতকীতলা এলাকায় সরকারি বনভূমি দখল, গাছ কেটে রাস্তা নির্মাণ, ময়লা-আবর্জনা ফেলা এবং বাসাবাড়ি, মার্কেট ও ব্যক্তিগত কবরস্থান নির্মাণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
গত শুক্রবার বিকেলে হরতকীতলা এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তারা সরকারি বনভূমি রক্ষা, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সরকারি বনভূমি রক্ষা, কথিত দখল ও অনিয়ম বন্ধ এবং অভিযোগ তদন্তের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
অভিযোগকারীরা জানান, একই বিষয়ে এর আগে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কালিয়াকৈর থানা ও বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সাবেক পৌর কাউন্সিলরের দেওয়া অভিযোগে আবদুল মান্নানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বনভূমি দখল, গাছপালা কেটে রাস্তা নির্মাণ, ময়লা-আবর্জনা ফেলা এবং স্থানীয়দের হয়রানির অভিযোগ তোলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিক বার যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
.png)
বিক্ষোভ কর্মসূচিতে সাবেক কাউন্সিলর মো. বেলায়েত হোসেন বেলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, মো. ইব্রাহিম, জালাল উদ্দিন, ইসহাক রাব্বি, অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন, দুলাল হোসেন, মনির হোসেন, সুজন, রাকিব, মাসুদ, কাবেল, জলিল, সামান উদ্দিন, আলাউদ্দিন, হেলাল উদ্দিন, বাবুল মিয়া, শাহেদ ও রাসেলসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বনভূমির খালি জায়গায় সরকারি উদ্যোগে গাছ লাগানো এবং স্থানীয়দের জন্য নির্ধারিত স্থানে কবরস্থান নির্মাণের ব্যবস্থা করার দাবি জানান। পাশাপাশি দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।