ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, গাজীপুরে চাঞ্চল্য

লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ১১ সেপ্টেম্বর ২০২৬
লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, গাজীপুরে চাঞ্চল্য
লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে একটি লাগেজ ও পানিতে ভাসতে থাকা জুটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ভবানীপুর মেম্বারবাড়ী বাজারের মধ্যবর্তী একটি ফাঁকা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামজা এ্যাপারেলস লিমিটেডের পাশে একটি ব্রিজের নিচে সরু খালের পানিতে লাগেজ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাগেজটি উদ্ধার করে খুললে এর ভেতর নারীর মরদেহের নিচের অংশ পাওয়া যায়।
এর কিছুক্ষণ পর একই এলাকার পাশের পানিতে আরও একটি জুটের বস্তা ভাসতে দেখা যায়। পুলিশ সেটিও উদ্ধার করে খুললে এর ভেতর থেকে নারীর মাথাসহ শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যার পর মরদেহ খণ্ডিত করে পৃথকভাবে লাগেজ ও বস্তায় ভরে সেখানে ফেলে রাখা হয়েছে। তবে বিষয়টি তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলছে না পুলিশ।
স্থানীয়রা জানান, খালের পানিতে লাগেজটি ভাসতে দেখে তারা কাছে যান। পরে লাগেজের ভেতর মানুষের পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পাশের পানিতে ভাসতে থাকা বস্তাটিও উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ভবানীপুর এলাকা থেকে প্রথমে একটি লাগেজের ভেতর নারীর মরদেহের অংশ উদ্ধার করা হয়। পরে পাশের পানিতে ভাসতে থাকা একটি জুটের বস্তা থেকে মরদেহের বাকি অংশ পাওয়া যায়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি হত্যাকাণ্ড কি না এবং ওই নারীকে কোথায় হত্যা করা হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!