কটিয়াদীতে ৯২ পিস ইয়াবাসহ কৃষক দল নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯২ পিস ইয়াবাসহ মো. হাইদুল ইসলাম নামে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ইউনিয়ন পর্যায়ের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের বড়াটিয়া গ্রামে কটিয়াদী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
ইয়াবাসহ আটক হাইদুল ইসলাম চান্দপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়াটিয়া গ্রামের বাসিন্দা।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। কটিয়াদী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে চান্দপুর ইউনিয়নের বড়াটিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে হাইদুল ইসলামকে তার বসতঘর থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, হাইদুল ইসলাম একজন চিহ্নিত মাদক কারবারি।
এ ব্যাপারে উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান জানান, চান্দপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাইদুল ইসলাম মাদকসহ গ্রেপ্তার হওয়ার বিষয়টি দলীয়ভাবে আলোচনা হচ্ছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ৯২ পিস ইয়াবাসহ আটক হাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।