ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই দিনে ১০৯ রাউন্ড গুলি উদ্ধার, জনমনে উদ্বেগ

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনে ১০৯ রাউন্ড গুলি উদ্ধার, জনমনে উদ্বেগ
ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরের পর এবার দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১৩। মাত্র দুই দিনের ব্যবধানে রংপুর ও দিনাজপুরের দুটি এলাকা থেকে মোট ১০৯ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার দুপুরে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, শনিবার রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৩-এর একটি দল। এ সময় বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের পাশে মালিকবিহীন দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে একটিতে ৫০ রাউন্ড এবং অপরটিতে ৪২ রাউন্ড মোট ৯২ রাউন্ড .২২ রিমফায়ার লং রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

Advertisement

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা গুলিগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরিমূলে দিনাজপুরের পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে রংপুরের মিঠাপুকুরে পরিত্যক্ত অবস্থায় আরও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে রংপুর বিভাগের দুটি এলাকা থেকে মোট ১০৯ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনা ঘটল।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জনবহুল সড়কের পাশে বিপুল পরিমাণ গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়ার বিষয়টি নিছক বিচ্ছিন্ন ঘটনা কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রশ্ন, এসব গুলি কোথা থেকে এসেছে এবং কারা সেগুলো সেখানে রেখে গেছে। একই সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব গুলি মজুত করা হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!