ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাইচেষ্টা, আটক ৩

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৩, ১৮ জুন ২০২৬
ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাইচেষ্টা, আটক ৩
আটককৃত তিনজন। ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অটোরিকশাসহ তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। 

বুধবার সন্ধ্যায় পৌরশহরের আজাদ মোড়ে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন গাইবান্ধা জেলার পশ্চিম দামুদরপুর এলাকার সুরুজ্জামান (৫৪), বোয়ালী এলাকার শাহাজাহান ফিরোজ (৫২) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতীপুর এলাকার শাকিল হোসেন (৩২)।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, রহমতুল্লাহ নামের এক ধান ব্যবসায়ী স্থানীয় ইসলামী ব্যাংকের শাখা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে পাঁচ ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তার গতিরোধ করে। এ সময় সিএনজি চালক তাকে ডেকে কথা বলার চেষ্টা করলে তিনি কাছে যান। সুযোগ বুঝে দুর্বৃত্তরা তার পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

রহমতুল্লাহ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে সিএনজিসহ তিনজনকে আটক করেন। তবে সিএনজি চালকসহ আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে সিএনজিসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামা দুজনসহ পাঁচজনকে আসামি করে থানায় ছিনতাইচেষ্টার মামলা দায়ের করেছেন। মামলায় আটক তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!