ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সকালে ডেঙ্গুতে মৃত্যু, দুপুরে এইচএসসিতে উত্তীর্ণ তানভীর

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৫, ১৫ অক্টোবর ২০২৪
সকালে ডেঙ্গুতে মৃত্যু, দুপুরে এইচএসসিতে উত্তীর্ণ তানভীর
তানভীর। ছবি: সংগৃহীত

পিরোজপুরে এইচএসসির ফল প্রকাশের দিন ফলাফল জানার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তানভীর (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৮টায় পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিন বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, তানভীর যশোর বোর্ড থেকে ব্যবসায়শিক্ষা বিভাগে জিপিএ ৩.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

তানভীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. নিজাম উদ্দিন।

Advertisement

তানভীর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দাসখালী গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। তানভীর পরিবারসহ পিরোজপুর শহরের দশ নিড়ের গলি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, তানভীর এ বছর বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করছিলেন। সেখানে থাকার সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত রোববার ঢাকা থেকে পিরোজপুরের ভাড়া বাড়িতে চলে আসেন। ওই দিন সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. নিজাম উদ্দিন জানান, তানভীর রোববার হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে, পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। জেলায় এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। এরমধ্যে মঙ্গলবার একজন ও পিরোজপুর থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি অবস্থায় মারা গেছেন একজন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!