৩ দিনের মাথায় বড়াইগ্রামে আবারও বাস দুর্ঘটনা, নিহত ১
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দেশ ট্রাভেলস ও তাবাসসুম পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মিঠুন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন নাটোর সদর উপজেলার হয়বতপুর সৈয়দ মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সঙ্গে রাজশাহীগামী তাবাসসুম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় বাস দুটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদ হাসান জানান, বিকেল ৫টার পর দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় একজনের মরদেহ উদ্ধার করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিন দিনের মাথায় আবার প্রাণহানি
এর আগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। ওই দুর্ঘটনার তিন দিনের মাথায় একই উপজেলায় আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটল।
একের পর এক দুর্ঘটনায় বড়াইগ্রামের মহাসড়কে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।