ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নির্বাচনী দায়িত্ব পালনকালে নারী আনসার সদস্যের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪২, ২১ মে ২০২৪
নির্বাচনী দায়িত্ব পালনকালে নারী আনসার সদস্যের মৃত্যু
ফাইল ছবি

নির্বাচনী দায়িত্ব পালনকালে মোছা. সাহিদা খাতুন (৩৫) নামের এক নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার নাইমুড়ি কৃষান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

‘স্ট্রোক’ সাহিদার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. মুকুল হোসেন। সাহিদা উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মো. ছাকোয়াত হোসেনের স্ত্রী।

প্রিসাইডিং অফিসার জানান, সোমবার বিকেলে সাহিদা খাতুন নাইমুড়ি কৃষান উচ্চ বিদ্যালয়ে যান দায়িত্ব পালন করতে। রাতে নিরাপত্তার দায়িত্ব পালন করেন তিনি। মঙ্গলবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাহিদা। তাকে দ্রুত সিরাজগঞ্জ শহীদ এম মনুসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা ‘স্ট্রোক’ আক্রান্ত হয়ে সাহিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!