পাচারকারীর কবলে তিন নারী, ৯৯৯-এ কলে উদ্ধার
ঝিনাইদহের মহেশপুরের সীমান্তবর্তী এলাকা থেকে পাচারের চেষ্টাকালে তিন নারীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ৯৯৯-এ ফোন পেয়ে ঐ তিন নারীকে উদ্ধার করা হয়।
রোববার (১১ ফেব্রুয়ারি) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঐ তিন নারী ঢাকার ডেমরায় বসবাস করেন। তাদের বিদেশে কাজ দেওয়ার কথা বলেন মুন্নী নামের এক নারী। পরে গত ৭ ফেব্রুয়ারি মুন্নী নামের ঐ নারীর মাধ্যমে তারা ঝিনাইদহের মহেশপুর থানাধীন সীমান্তবর্তী যাদবপুর ইউনিয়নের জলুলী গ্রামে আসেন। এরপর একটি বাড়িতে তিন দিন ধরে তাদের বন্দি করে রাখা হয়। এমন তথ্য জানিয়ে শনিবার গভীর রাতে ৯৯৯-এ ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান ভুক্তভোগী তিন নারীর একজন।
.png)
পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ঐ কলার কল করে জানান, তার বয়স ২৫ বছর। তার সঙ্গে থাকা অন্য দুইজনের বয়স যথাক্রমে ২২ ও ৪০ বছর। যেকোনো সময় তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়া হতে পারে। তাই তিনি দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানান।
পরে মহেশপুর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঐ নারীকে তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।