ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন স্পেন প্রবাসী যুবক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ১৫ জানুয়ারি ২০২৪
হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন স্পেন প্রবাসী যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ

‘ঘোড়ায় চড়ে স্বপ্নের রাজপুত্র এসে নিয়ে যাবে রাজকন্যাকে’ গল্প কথায় এমন উপমা প্রায় শোনা যায়। তবে যুগের সঙ্গে পাল্লা দিয়ে একালের রাজকন্যাদের বিয়ের গল্পেরও আধুনিকায়ন হয়েছে। এখন রাজকন্যাদের স্বপ্নের রাজপুত্র আর ঘোড়ায় চড়ে নয়, আসেন হেলিকপ্টারে চড়ে। এ কালের এমনই এক রাজপুত্রের দেখা মিলল ফেনীর সোনাগাজী পৌরসভার তুলাতলি গ্রামে। 

সোমবার দুপুর ২টায় ৫নং ওয়ার্ডের তুলাতলি মাঠে এসে নামে একটি হেলিকপ্টার। চারপাশে ততক্ষণে বেশ ভিড় জমে উঠে। কিছুক্ষণ পর আকাশযান থেকে নেমে আসেন বর স্পেন প্রবাসী ইসরাফুল আলম। লালগালিচা অতিক্রম করে পাশেই অপেক্ষা করা ফুল দিয়ে সাজানো বিয়ের গাড়িতে ওঠেন বর। তাতে চড়েই নতুন বউকে আনতে জারা কমিউনিটি সেন্টারে যান বর। 

বর-কনের পারিবারিক সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে চড়ে আসা বর উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের স্পেন প্রবাসী মো. আলমগীর হোসেন ও রোকেয়া বেগম দম্পতির একমাত্র ছেলে মো. ইসরাফুল আলম রিফাত। আর কনে হলেন, সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের তুলাতলি গ্রামের কুয়েত প্রবাসী মাঈন উদ্দিন মানিক ও নুর নাহার বেগম দম্পতির মেয়ে খাদিজাতুল কোবরা নিঝুম। বিয়ের এ মুহূর্তকে স্বরণীয় করে রাখতে ও গ্রামবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়াতে দুই লাখ দশ হাজার টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে বরপক্ষ।

Advertisement

মাঠে হেলিকপ্টারটি যতক্ষণ ছিল, ততক্ষণই চারপাশে ছিল উৎসুক জনতার উপচেপড়া ভিড়। নিরাপত্তায় নিয়োজিত ছিল সোনাগাজী মডেল থানার একদল পুলিশ। হেলিকপ্টারে করে আসা বরকে দেখার জন্য আশপাশের অনেকেই ভিড় জমান মাঠে। ২০ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয় বর-কনের। বর ও কনে পক্ষের দুই হাজার ১০০ জন অতিথির ভোজন শেষে বিকেল সাড়ে ৪টায় কনেকে নিয়ে বর ফের চড়েন হেলিকপ্টারে। কনের বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে ছিল বরের বাড়ি। সেখানে কনেকে বরণ করে নেন শ্বশুর-শাশুড়িসহ বাড়ির লোকজন।

বরের ভগ্নিপতি মো. শাহাদাত হোসেন বলেন, বিয়ের দিনটি স্মরনীয় করে রাখতে পিতামাতার একমাত্র ছেলে হিসেবে বিয়েতে হেলিকপ্টার ভাড়া করা হয়। 

কনের পিতা মাঈন উদ্দিন মানিক বলেন, বরের পক্ষ থেকে আমাকে বিষয়টি জানানো হলে আমিও গ্রামবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়াতে হেলিকপ্টার ভাড়ার ব্যাপারে সম্মত হই। নবদম্পতির জন্য আমি সবার কাছে দোয়া চাই।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!