স্ত্রী রেখে ঘুরে বেড়াচ্ছেন হিজড়া বেশে!
মো. রুবেল। ত্রিশ বছরের যুবক। বিয়ে করে সংসারও পেতেছেন। সেই সংসারে স্ত্রী রেখে তিনি সেজেছেন হিজড়া। এখন রুবেল থেকে তার নাম সকাল। এমন কাণ্ডই ঘটিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের চর মঙ্গল এলাকার আবুল কাশেম পাটোয়ারীর ছেলে রুবেল।
অভিযোগ করে চর কলমি ইউনিয়নের চৌমুহনী বাজারের একাধিক ব্যক্তি বলেন, রুবেল আগে তার বাবার সঙ্গে কৃষি ও রাজমিস্ত্রির কাজ করতেন। পরবর্তীতে ঢাকায় গিয়ে নারীদের পোশাক পরে উপজেলার আঞ্জুরহাট বাজারে আসেন তিনি। এরপর থেকে এলাকাবাসী রুবেলকে নারীসুলভ আচরণ ও পুরুষ হয়ে নারী সাজতে মানা করলেও তিনি তা শোনেননি। উল্টো চরফ্যাশনের বিভিন্ন পর্যটন এলাকায় তরুণ-যুবকদের সঙ্গে অশ্লীল কর্মকাণ্ড করে যুব সমাজকে নষ্ট করছেন। রুবেলকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা।
রুবেলের মা আছুরা বেগম জানান, আমাদের ধার্মিক পরিবার। রুবেলের ঘরে স্ত্রী রয়েছে। তবুও এখন সে হিজড়ার বেশ ধরে ঘুরে বেড়াচ্ছে। তার স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা চাই, রুবেল হিজড়ার বেশ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। নিজের স্ত্রীকে নিয়ে সে সুন্দর করে সংসার করুক।
পুরুষ হয়েও কেন হিজড়ার বেশ ধরেছেন- এমন প্রশ্নে রুবেল বলেন, আমার টাকার দরকার। কেউ যদি আমাকে ৫ লাখ টাকা দিয়ে সহযোগিতা করে তাহলে আর এ বেশে থাকব না। স্বাভাবিক জীবনে ফিরে স্ত্রীকে নিয়ে সংসার করব।
এ ব্যাপারে শশীভূষণ থানার ওসি মো. এনামুল হক জানান, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।