ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাসচাপায় কলেজছাত্র নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ১৮ মে ২০২২
বাসচাপায় কলেজছাত্র নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
কলেজছাত্র নিহতের ঘটনায় সহপাঠীদের সড়ক অবরোধ- ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসচাপায় মিলন নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে ঐ উপজেলার গুদিঘাটা পিজিএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নিহতের সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা।

নিহত মিলন মঠবাড়িয়া সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে। সে তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

জানা গেছে, কলেজে যাওয়ার পথে রাস্তায় পারাপারের সময় চট্টগ্রাম থেকে আসা রোহান পরিবহনের বেপরোয়া গতির একটি বাস মিলনকে চাপা দেয়। পরে বাসটি রাস্তায় ফেলে চালক পালিয়ে যায়। টিকিকাটা ইউনিয়ন পরিষদের সামনে বাসটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে সহপাঠী নিহতে খবর পেয়ে সড়কে গাছ ফেলে অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা নিরাপদ সড়কের দাবি জানায়।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরিকুল ইসলাম জানান, পাথরঘাটাগামী রোহান পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলেই কলেজছাত্র মিলন নিহত হয়।

মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ ও লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তদন্ত করে বাসের চালক ও মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!