রেগে বেরিয়ে গেলেন স্বামী, বিষপান করলেন স্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বামীর ওপর রাগ করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ফরিদা বেগম। তিনি উপজেলার ছোটকুড়িপাইকা গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদের সঙ্গে তার স্ত্রী ফরিদা বেগমের বেশ কিছু দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় পুনরায় দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আমজাদ বাড়ি থেকে বের হয়ে চলে যায়। রাতে ঘরে ফিরে দেখেন তার স্ত্রী ফরিদা নিজ ঘরে বিষপান করে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে লাশ হলেন একই পরিবারের ৪ জন
নিহত ফরিদার স্বামী আমজাদ হোসেন বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হওয়ার পর ঘর থেকে বের হয়ে চলে যাই। কিন্তু সে আত্মহত্যা করবে তা ভাবতে পারেনি।
আরো পড়ুন: চোরাই স্ক্র্যাপ কিনে বেচতেন কম দামে
আখাউড়া থানার এসআই ময়নাল হোসেন খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালটির মর্গে রাখা আছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।