কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড
কুষ্টিয়ায় মাদক মামলায় উজ্জ্বল হোসেন নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামি উজ্জ্বল হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোকুল নগর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ঝিনাইদহ থেকে দেশের বিভিন্ন জেলায় ব্যবসা করতেন। তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৭ মার্চ বেলা ২টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় উজ্জলের কাছে থেকে পলিথিনে রাখা তিন লিটার (তরল) ফেনসিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এএসআই মনিরুজ্জামান বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। ২০১০ সালের ৬ জুন চার্জ গঠন করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে ২১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয়। ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রোববার আদালত এ রায় দেয়।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি উজ্জলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি উজ্জল জামিনে গিয়ে পলাতক রয়েছেন।