ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার ৩

নান্দাইল ও ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ২১ অক্টোবর ২০২১
ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার ৩
যুদ্ধাপরাধের দায়ে দুইজন গ্রেফতার

ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেফতারকৃতদের মধ্যে ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইউপির ইটাউলিয়া গ্রামের সমশের আলীর ছেলে তারা মিয়া (৭০) ও কালিয়ান গ্রামের মেফর আলীর ছেলে মো. রুস্তম আলীকে (৮১) আঠারবাড়ি এলাকা থেকে এবং সৈয়দ মোস্তাফিজুর রহমান (৭২) নামে একজনকে নগরীর এবিগুহ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ঈশ্বরগঞ্জের সোহাগী বাজারের বাসিন্দা প্রয়াত হোসাইন আহম্মেদের ছেলে। 

তারা তিনজনই মুক্তিযুদ্ধের সময় এলাকাটিতে গণহত্যা, অগ্নিসংযোগের মতো অপরাধে যুক্ত ছিলেন। তাছাড়াও মোট ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে তারা মিয়া জালিয়াতির মাধ্যমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ভাতা ভোগ করছিলেন। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ ও ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সংবাদ পাওয়ার পরই তারা অভিযান চালিয়ে গ্রেফতার করে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!