‘দালালের অফিস’ উচ্ছেদ, সরকারি জায়গা উদ্ধার
বগুড়ার শেরপুর উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জায়গার মূল্য প্রায় আট লাখ টাকা।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড (সহকারি কমিশনার-ভূমি) সাবরিনা শারমিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আক্কাস নামে স্থানীয় এক ব্যক্তি ভবানীপুর গ্রামে ২ দশমিক ৫ শতক সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ব্যক্তিগত অফিস নির্মাণ করেন। তিনি জমি কেনাবেচার মাধ্যম (দালাল) হিসেবে কাজ করতেন। প্রায় ছয় বছর আগে তিনি সরকারি জায়গা দখল করে সেখানে এ অফিস গড়ে তোলেন। আক্কাসের নির্মাণ করা অফিসটি স্থানীয়দের কাছে দালালের অফিস নামে পরিচিত ছিল।
মঙ্গলবার দুপুরে তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়। এ জায়গার মূল্য প্রায় আট লাখ টাকা। অভিযানে সার্বিক সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. হেদায়েতুল ইসলাম, ভবানীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহবুবুল আলমসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে এসি ল্যান্ড সাবরিনা শারমিন ডেইলি বাংলাদেশকে বলেন, সরকারি জায়গা উদ্ধার ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।